উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ১২:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
কক্সবাজার, ২ জুন ২০২৬: উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উলুবনিয়া মাইন্যার গুদা ঘের এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় পরিত্যক্ত কাপড়ের ব্যাগে রাখা দুটি পোটলা থেকে নীল রঙের বায়ুরোধী ৯টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারস্থলটি পালংখালী বিওপির সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযান শেষে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবির ধারণা, সীমান্তে কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর তৎপরতার কারণে চোরাকারবারীরা রাতের আঁধারে ইয়াবার চালান পানিতে লুকিয়ে রেখে যায়। পরে দিনের বেলায় ঘেরের শ্রমিকের ছদ্মবেশে ছোট ছোট চালানে সেগুলো পাচারের পরিকল্পনা ছিল।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষাই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



















