আইএমএফের কাছে সহায়তা চাইল বাংলাদেশ

- আপডেট সময় ০৮:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৭ বার পড়া হয়েছে
দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে নতুন একটি আর্থিক সহায়তা কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান Ivo Krznar বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, নতুন কর্মসূচির সম্ভাব্য কাঠামো নিয়ে আইএমএফের কর্মকর্তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এসব আলোচনায় দেশের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা, নীতিগত অগ্রাধিকার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল গুরুত্ব পাচ্ছে।
ইভো ক্রজনার আরও জানান, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত আইএমএফের বিভিন্ন ঋণ ও সহায়তা কর্মসূচি—এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)—দেশের জন্য একটি চ্যালেঞ্জপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ নীতিগত সহায়তা হিসেবে কাজ করেছে।
তবে তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে অর্থনীতিকে আরও স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে নতুন করে সংস্কার উদ্যোগ গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে নতুন সহায়তা কর্মসূচির বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।



















