উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার

- আপডেট সময় ১২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১৩৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২ লাখ ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে উখিয়া উপজেলার সীমান্তবর্তী ইছাকের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৭ এর দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় টহল দল। এ সময় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে বিজিবি নন-লেথাল অস্ত্র ব্যবহার করে দুই রাউন্ড প্রাণঘাতী নয় এমন গুলি ছোড়ে। এতে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা তিনটি পলিথিনের পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ২ লাখ ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া তাদের ধরতে এলাকায় চিরুনি অভিযানও পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।



















