রেড়িয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বিশ্ব সমুদ্র দিবস উদযাপন

- আপডেট সময় ০২:১০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৩৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজার, ৮ জুন: “নতুনভাবে পরিকল্পনা করি: আমাদের পরিচিত সীমানা পেরিয়ে, মহাসাগরের সাথে এক নতুন সম্পর্ক গড়ে তুলি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রেড়িয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্যোগে বিশ্ব সমুদ্র দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রেড়িয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের চেয়ারম্যান তহুরুন্নেসা শিল্পী, কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ছৈয়দ করিম, নাজেম উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।
রেড়িয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং রিচার্জার আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে কক্সবাজার সদর উপজেলার প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমুদ্র বিজ্ঞান বিষয়ক ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ক-বিভাগে প্রথম স্থান অর্জন করে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে বিজিবি পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। খ-বিভাগে প্রথম স্থান অর্জন করে কক্সবাজার সরকারি কলেজ, দ্বিতীয় স্থান লাভ করে কক্সবাজার সিটি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে হাশেমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা। গ-বিভাগে প্রথম স্থান অর্জন করে কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা, দ্বিতীয় স্থান লাভ করে কক্সবাজার সিটি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে কক্সবাজার বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এম সিরাজুল ইসলাম বলেন, “কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আমরা জাতিকে ‘ব্লু ইকোনমি’র নতুন সম্ভাবনা উপহার দিতে চাই। পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সমুদ্রবিষয়ক জ্ঞান বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



















